শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংরক্ষিত নারী সংসদ সদস্যের শীর্ষ উপার্জনকারী ১০ জনই বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সদস্যের মধ্যে বাৎসরিক আয়ের দিক থেকে শীর্ষ ১০ জনই বিএনপি থেকে মনোনীত। এদের মধ্যে চারজন সংসদ সদস্যের আয় কোটির ঘর ছাড়িয়েছে।

সংরক্ষিত নারী সংসদ সদস্যের শীর্ষ উপার্জনকারী ১০ জনই বিএনপির
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সদস্যের মধ্যে বাৎসরিক আয়ের দিক থেকে শীর্ষ ১০ জনই বিএনপি থেকে মনোনীত। এদের মধ্যে চারজন সংসদ সদস্যের আয় কোটির ঘর ছাড়িয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নারী জনপ্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণের মাধ্যমে এই তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে সুজনের প্রধান সমন্বয়কারী দিলিপ কুমার সরকার জানান, বার্ষিক আয়ের ভিত্তিতে শীর্ষ দশে থাকা বিএনপি সদস্যরা হলেন— শামীম আরা বেগম স্বপ্না, জহরত আদিব চৌধুরী, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, আন্না মিনজ, সুলতানা আহমেদ, সানজিদা ইসলাম, নিপুণ রায় চৌধুরী, বিথীকা বিনতে হোসাইন এবং সেলিমা রহমান।

সুজনের প্রাপ্ত তথ্যানুযায়ী, বাৎসরিক কোটি টাকার বেশি উপার্জনকারী চারজন সদস্যই বিএনপির। এদের মধ্যে শামীম আরা বেগম স্বপ্নার বার্ষিক আয় ৪ কোটি ২৬ লাখ ১০ হাজার ৫০৬ টাকা। তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছেন জহরত আদিব চৌধুরী (৩ কোটি ১৭ লাখ ২৮ হাজার ৩৯৩ টাকা), সাকিলা ফারজানা (৩ কোটি ৭১ হাজার ১২৩ টাকা) এবং আন্না মিনজ (১ কোটি ১৩ লাখ ৩৩ হাজার ২৪৬ টাকা)।

আয়ের সামগ্রিক চিত্রে দেখা গেছে, ৫০ জন সদস্যের মধ্যে মাত্র ২৬ শতাংশ বা ১৩ জন সদস্যের বার্ষিক আয় ৫ লাখ টাকা বা তার নিচে। এই স্বল্প আয়ের সদস্যদের মধ্যে ১১ জনই এসেছেন ১১ দলীয় জোট থেকে। এছাড়া ১৯ জন সদস্যের আয় বছরে ৫ থেকে ২৫ লাখ টাকার মধ্যে এবং ৫ জন সদস্যের আয় ২৫ থেকে ৫০ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ। ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত আয় করেন ২ জন সদস্য। তবে নির্বাচিত সদস্যদের মধ্যে ৭ জন তাদের আয়ের উৎস বা পরিমাণ সংক্রান্ত তথ্য প্রদান করেননি।

হলফনামা বিশ্লেষণ করে সুজন জানায়, বর্তমান সংসদে একদিকে যেমন স্বল্প আয়ের সদস্যের সংখ্যা বেড়েছে, তেমনি উচ্চ আয়ের প্রতিনিধিদের হারও পূর্বের তুলনায় ঊর্ধ্বমুখী। অর্থনৈতিক সক্ষমতার এই বৈচিত্র্য এবারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের তথ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে।