শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: কর্নেল হাসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে প্রস্তুত বিজিবি: কর্নেল হাসান
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয়ভাবে দায়িত্ব পালনের প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনাজপুরের পুলহাট খুদাবকস কলেজিয়েট হাইস্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে বিজিবি পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করবে।

লে. কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান আরও জানান, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে বিজিবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা অনুসরণ করবে। বাহিনীটি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচনকালীন মোতায়েনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ছয়টি নির্বাচনী আসনে ৪২ বিজিবির ১৯ প্লাটুনসহ মোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এসব সদস্য আইনশৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনাজপুর জেলার ছয়টি আসনের মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২৯ জানুয়ারি ২০২৬ থেকে সব উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাইস্কুলে বেইস ক্যাম্প স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।