সংসদে জামায়াতে ইসলামীর সদস্যদের অত্যন্ত সুশৃঙ্খল ও মার্জিত বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার সময় এই দলের নেতারা উচ্চমাত্রার নিয়মানুবর্তিতা প্রদর্শন করেন। তারা এমনকি নিজেদের সহকর্মীদের সঙ্গেও অপ্রয়োজনীয় কথা বলেন না এবং যাবতীয় বিধিবিধান ও শিষ্টাচার যথাযথভাবে মেনে চলেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নেতা-কর্মীদের প্রতি কঠোর বার্তা দিয়ে স্পিকার বলেন, দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে জনগণের সেবা করার জন্য, কারো ওপর জুলুম বা অত্যাচার করার জন্য নয়।
লালমোহন ও তজুমদ্দিন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমদ স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এই অঞ্চলে কোনো প্রকার চাঁদাবাজি, সাধারণ মানুষকে জমি থেকে উচ্ছেদ কিংবা কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ড সহ্য করা হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে সরাসরি তাকে অবহিত করার জন্য তিনি জনসাধারণের প্রতি আহ্বান জানান।
মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় লালমোহন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। স্পিকার হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় পদার্পণ করায় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।