শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সংসদে প্রবেশে মাথা ঝোঁকানোতে আপত্তি জামায়াত এমপির

জাতীয় সংসদে প্রবেশের সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের প্রচলিত রীতি নিয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মঙ্গলবার (১৬ জুন) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়ে নিজের আপত্তির কথা জানান।

এদিন সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, তৃতীয় জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে সংসদ কক্ষে প্রবেশের পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিধান ছিল। পরে বিষয়টি নিয়ে আলোচনা ও পর্যালোচনার পর এতে সংশোধনী আনা হয়।

মুজিবুর রহমান বলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের বিষয়টি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি শিরকের পর্যায়ে চলে যায়। এ কারণেই পরবর্তী সময়ে এই বিষয়টি বাদ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, "আমি মাঝেমধ্যে খেয়াল করি, আপনি সুন্দরভাবে সালাম দেন। আমরাও সালাম দিই, জবাব দিই। কিন্তু পরে দেখা যায় আগের মাথা ঝোঁকানো... এখনো আছে। আপনারও আছে, ডেপুটি স্পিকারেরও আছে।"

কার্যপ্রণালি বিধিতে ‘শিরককে উৎখাত’ করার উদ্দেশ্যে যে বিধান করা হয়েছে, তা সবাইকে মেনে চলা উচিত বলে মন্তব্য করেন তিনি। মুজিবুর রহমান বলেন, এতে নেকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকা যাবে এবং কাল-কেয়ামতে এর সুফল পাওয়া যাবে।

জামায়াত এমপির বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কার্যপ্রণালি বিধি আরও পর্যালোচনা করে এ বিষয়ে জানাবেন। তবে বিষয়টি সবার ব্যক্তিগত ব্যাপার বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, কেউ সালাম দেবে, কেউ মাথা ঝোঁকাবে। বিশ্বের বিভিন্ন দেশের সংসদেও এ ধরনের রীতি প্রচলিত রয়েছে। তবে আগের সংসদে বিষয়টি বাতিল করা হয়েছিল কি না, তা তিনি খতিয়ে দেখবেন।