শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী

পাখির মতো গুলি করে মানুষ হত্যা, দেশের সম্পদ লুট এবং মেগা প্রকল্পের নামে অনিয়মের অভিযোগের হিসাব বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। অভিযুক্তদের আইন ও আদালতের মাধ্যমে এসবের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, হিসাব দিতেই হবে: সমাজকল্যাণমন্ত্রী

পাখির মতো গুলি করে মানুষ হত্যা, দেশের সম্পদ লুট এবং মেগা প্রকল্পের নামে অনিয়মের অভিযোগের হিসাব বাংলাদেশের মাটিতেই হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। অভিযুক্তদের আইন ও আদালতের মাধ্যমে এসবের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার দুপুরে পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘পাখির মতো গুলি করে মানুষ মেরেছেন, দেশের সম্পদ লুণ্ঠন করেছেন এবং মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছেন, সেগুলোর হিসাব বাংলাদেশের মাটিতে হবে। যদি সৎ সাহস থাকে, আপনারা আইন-আদালতের মাধ্যমে সেগুলোর মুখোমুখি হন।’

তিনি আরও বলেন, ‘আমরা ঘুপচি আন্দোলন বা ঘুপচি রাজনীতিতে বিশ্বাস করি না। সৎ সাহস থাকলে সামনে আসেন। তাহলে পালিয়ে থাকার দরকার নেই, অন্য দেশে গিয়ে আশ্রয় নেওয়ারও প্রয়োজন পড়ে না।’

ডা. জাহিদের অভিযোগ, দেশের মানুষের কাছে নিজেদের অবস্থান বুঝতে পেরে একটি পক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিদেশ থেকে বিভিন্নভাবে উসকানি দিচ্ছে। কখনও সার, কখনও বিদ্যুৎ কিংবা অন্য কোনো ইস্যুকে সামনে এনে মব কালচার তৈরি করে আইনশৃঙ্খলা ও দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের মানুষ এসব মেনে নেবে না উল্লেখ করে তিনি দলীয়ভাবে শুধু প্রতিহত নয়, প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ অনির্বাচিত সরকার, রাতের সরকার, বিনা ভোটের সরকার এবং ডামি নির্বাচনের সরকার দেখেছে। এসব সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহি ছিল না বলেও মন্তব্য করেন তিনি। বিভিন্ন সময়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন এমন পর্যায়ে পৌঁছেছিল যে, সংশ্লিষ্টদের দেশে থাকার মতো সৎ সাহস ছিল না বলেও দাবি করেন ডা. জাহিদ।

তিনি আরও বলেন, ওয়ান-ইলেভেনের পর থেকে দেশে যত স্বৈরাচারী শাসনই করা হোক না কেন, বিএনপি দেশের মাটিতে থেকেই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনর্বাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দায়িত্ব পালন করেছে। এ সময়ে শত শত নেতাকর্মীকে গুম এবং লাখো নেতাকর্মীকে কারাগারে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘তারপরও বিএনপির নেতাকর্মীদের মনোবল একটুও টলাতে পারেনি এবং বিএনপির কোনো নেতাকর্মী দলের প্রতি আনুগত্যে কোনো ধরনের কমতি দেখাননি।’

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সমাজকল্যাণমন্ত্রী জেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দেন।