শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

স্পিকারের চেয়ার খালি রেখেই শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির সংসদীয় দল দিয়েছেন দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর।

স্পিকারের চেয়ার খালি রেখেই শুরু হবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে প্রার্থী নির্বাচন চূড়ান্ত করার দায়িত্ব বিএনপির সংসদীয় দল দিয়েছেন দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠকে এই দায়িত্ব দেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।

আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। বৈঠকের শুরুতেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম জানান, অধিবেশন শুরু হবে স্পিকারের চেয়ার খালি রেখে। প্রথমে একজন সংসদ সদস্য পবিত্র কোরআন তিলাওয়াত করবেন। এরপর সংসদ নেতা একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে সভাপতিত্বের জন্য প্রস্তাব করবেন এবং অন্য কোনো সদস্য তা সমর্থন করবেন। প্রস্তাবিত সদস্য সভাপতিত্ব করবেন।

নূরুল ইসলাম বলেন, “স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি। সিদ্ধান্ত তিনি দেবেন। আগামীকাল আমরা জানতে পারব।”

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আগামীকাল সংসদে উপস্থাপন করা হবে। এগুলো যাচাই-বাছাই করার জন্য বৈঠকে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যাতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও থাকবেন।

সংবিধান অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন বসার ৩০ কার্যদিবসের মধ্যে অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরিত করা বাধ্যতামূলক, তা না হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচনের পর অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি রাখা হবে, এরপর নতুন স্পিকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে ডেপুটি স্পিকার নির্বাচন ও অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।