তিনটি ইরানি জাহাজের শ্রীলঙ্কা সফর ঘিরে নতুন আলোচনা তৈরি হয়েছে। আগামী ৯ ও ১৩ মার্চ দেশটিতে প্রবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে জাহাজগুলো—এ তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে।
প্রেসিডেন্ট দিসানায়েকে জানান, ইরান সরকার গত ২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এই সফরের অনুমতি চেয়ে আনুষ্ঠানিক আবেদন করে। মূলত দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার লক্ষ্যেই এই সফরের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জাহাজগুলো ইতোমধ্যে শ্রীলঙ্কার জলসীমার কাছাকাছি অবস্থান করছিল। মানবিক কারণে সেখান থেকে দুইজন কর্মকর্তাকে শ্রীলঙ্কায় আনা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আয়োজিত এক বিশেষ সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট দিসানায়েকে স্পষ্ট করে বলেন, চলমান কিংবা ভবিষ্যতে সম্ভাব্য কোনো আন্তর্জাতিক সংঘাতে শ্রীলঙ্কার ভূখণ্ড, সমুদ্রসীমা বা আকাশসীমা কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না।