বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩টি গরু

জামালপুরের সরিষাবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তৈয়ব আলী নামে এক কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে মারা গেছে।

সরিষাবাড়ীতে গোয়ালঘরে অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ৩টি গরু
ছবিঃ সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তৈয়ব আলী নামে এক কৃষকের গোয়ালঘরসহ তিনটি গরু পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাল মিয়া অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এই ঘটনায় তাদের প্রায় তিন লক্ষাধিক টাকার সম্পদ নষ্ট হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মশা তাড়ানোর কয়েলের আগুন থেকে প্রথমে গোয়ালঘরের মশারিতে আগুন লাগে এবং মুহূর্তেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা দেখে বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে গরুগুলোকে প্রাণ বাঁচানোর সুযোগ দেওয়া সম্ভব হয়নি।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছিলেন, তবে তারা পৌঁছানোর আগেই গ্রামবাসী সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিক তদন্তে কয়েলের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।