ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশবাসীর প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। তবে রাজনৈতিক সহযোগীরা শরিয়া আইন অনুসারে দেশ পরিচালনার প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে প্রচলিত ব্যবস্থায় চলার প্রস্তাব দিয়েছেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে, শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের প্রার্থীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশে ইসলামের পক্ষে এখন একটিই ভোটবাক্স আছে।” মুফতি রেজাউল করীমের বক্তব্য, দেশের স্বাধীনতার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার। কিন্তু গত ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা দেশে দুর্নীতির অখণ্ড চর্চা চালিয়েছে এবং সাধারণ মানুষের শ্রমের অর্থ বিদেশে পাচার করে ‘বেগম পাড়া’ তৈরি করেছে। এই কারণে ইসলামের পক্ষে একমাত্র ভোটবাক্স এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সমাবেশ শেষে তিনি ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সেলিম মাহমুদের হাতে হাতপাখা প্রতীক তুলে দিয়ে ভোটারদের পবিত্র আমানত সঠিক স্থানে ব্যবহারের আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হাবিবুর রহমান মিছবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নেসার উদ্দিন সুমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।