নির্বাচনে বড় সাফল্য পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি তামিলনাড়ুতে। পরিস্থিতি পরিষ্কার করতে এবং সরকার গঠনের দাবি জোরালো করতে আবারও রাজভবনের দ্বারস্থ হয়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়।
বুধবার তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সরকার গঠনের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
তবে রাজভবন সূত্র জানায়, গভর্নর এখনো নিশ্চিত নন যে বিজয়ের দল সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কি না। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)-এর কাছে স্পষ্টভাবে প্রয়োজনীয় সমর্থন প্রমাণিত হয়নি। ফলে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি গভর্নর।
এদিকে জানা গেছে, আজ সকাল ১১টায় আবারও গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাৎ করবেন থালাপতি বিজয়।
২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কিন্তু বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। কংগ্রেসের পাঁচ সদস্যের সমর্থন যোগ হলেও মোট সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা এখনো সংখ্যাগরিষ্ঠতার নিচে।
রাজভবন সূত্র আরও জানিয়েছে, অন্যান্য দল থেকে সম্ভাব্য সমর্থনের আলোচনা চললেও এখনো কোনো লিখিত বা স্পষ্টভাবে নিশ্চিত চিত্র পাওয়া যায়নি। ফলে রাজনৈতিক পরিস্থিতি গভর্নর ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে থালাপতি বিজয় নতুন জোট সমীকরণ গঠনের পথে এগোতে পারেন। তবে সংবিধান ও সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান গভর্নর।