শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

সরকারবিরোধী বিক্ষোভকারীদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান

ইরানে সরকারবিরোধী আন্দোলন ঘিরে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমাদরেজা রাদান। তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের আর সাধারণ প্রতিবাদকারী হিসেবে দেখা হবে না; তাদেরকে সরাসরি ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।

সরকারবিরোধী বিক্ষোভকারীদের ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল ইরান
গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইরানজুড়ে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন হয়। ছবি সংগৃহীত

ইরানে সরকারবিরোধী আন্দোলন ঘিরে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন দেশটির পুলিশ প্রধান আহমাদরেজা রাদান। তিনি জানিয়েছেন, সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের আর সাধারণ প্রতিবাদকারী হিসেবে দেখা হবে না; তাদেরকে সরাসরি ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে রাদান বলেন, “আমাদের আঙুল ট্রিগারেই রাখা আছে।” তাঁর এই মন্তব্যকে আন্দোলনকারীদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের জনগণকে দেশটির শাসকদের বিরুদ্ধে আন্দোলনে নামার আহ্বান জানিয়েছেন।

সম্প্রতি নেতানিয়াহু ইরানের জনগণকে ‘আয়াতুল্লাহ জমানা’ থেকে মুক্ত হওয়ার প্রস্তুতি নিতে বলেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, “ইরানবাসী, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। আয়াতুল্লাহ জমানাকে অপসারণ করার এমন সুযোগ আর আসবে না।”

আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, “ঠিক সময়ে ইরানবাসীদের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে।”

উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইরানে বড় ধরনের সরকারবিরোধী বিক্ষোভ দেখা দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ইরানি রিয়ালের অবমূল্যায়নসহ অর্থনৈতিক সংকট নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন।

তখন বিক্ষোভ দমনে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, সেই দমন-পীড়নের ঘটনায় শতাধিক প্রতিবাদকারীর প্রাণহানি ঘটে।