শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

শ্রমিকদল–যুবদল সংঘর্ষ, আহত ১৫

ভোলার তজুমদ্দিন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রমিকদল–যুবদল সংঘর্ষ, আহত ১৫
সংঘর্ষে আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবিঃ সংগ্রহীত

ভোলার তজুমদ্দিন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার জন্য একে অপরকে দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে দুই পক্ষই।

হাসপাতাল ও আহতদের স্বজনদের সূত্রে জানা গেছে, উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন এবং যুবদলকর্মী গিয়াসউদ্দিন হাওলাদার ও মিজান গ্রুপের মধ্যে পাওনা টাকা দাবি নিয়ে প্রথমে বাক্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ ঘটনার জেরে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে মো. নোমান (২৫), আব্দুল গফুর (৩৫), মিরাজ (২৫), আল-আমীন (২৫) ও রুবেল (৩৫)-এর নাম জানা গেছে। গুরুতর আহত আল-আমীনকে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংঘর্ষের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে উপজেলা শ্রমিকদল সভাপতি ইকবাল হোসেন লিটন বলেন, ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগের লোকজন তার দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং তাকে মারধর করে। পরবর্তীতে ২০১৮ সালে তিনি স্লুইজঘাট এলাকায় সাবেক শহর যুবলীগের সাধারণ সম্পাদক সবুজ তালুকদারের মার্কেটে একটি দোকানে ব্যবসা শুরু করেন। ২০১৯ সালে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে দোকানের চাবি ঘরমালিক সবুজ তালুকদারের কাছে রেখে যান। জামিন না পেয়ে কারাগারে যাওয়ার পর ফিরে এসে তিনি দেখেন, সবুজ তালুকদার ও তার ভাই রিয়াজ দোকানের মালামাল লুট করে নিয়েছেন। লিটনের দাবি, ৫ আগস্টের পর পাওনা টাকা আদায় করতে গেলে স্থানীয় যুবদলকর্মী গিয়াস ও মিজান বাধা সৃষ্টি করেন। গতকাল সবুজ তালুকদারকে ধরতে হাসপাতালে গেলে গিয়াস ও মিজানের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে যুবদলকর্মী গিয়াসউদ্দিন হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “৬ জানুয়ারি (মঙ্গলবার) ইকবাল হোসেন লিটন দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের গালিগালাজ ও মারপিট করে।” তিনি বলেন, বাধা দিতে গেলে দক্ষিণ বাজারের লোকজন প্রতিরোধ গড়ে তোলে, তখন সংঘর্ষের সৃষ্টি হয়। এতে তাদের পক্ষের রুবেল, ইলিয়াছ ও আবু সাইদসহ কয়েকজন আহত হন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।