একটি আধুনিক ও মেধানির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলা অপরিহার্য। দক্ষ আমলাতন্ত্র ছাড়া আধুনিক সমৃদ্ধ রাষ্ট্র গঠন সম্ভব নয় উল্লেখ করে তিনি সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান। এ ক্ষেত্রে তিনি প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
বিয়াম ফাউন্ডেশনের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানের ধারাবাহিক অগ্রগতি প্রমাণ করে যে বিএনপি সরকার শুরু থেকেই একটি প্রশিক্ষিত ও পেশাদার জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে আন্তরিক। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় আমলাতন্ত্রকে আরও বেশি জনমুখী ও দায়িত্বশীল হতে হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।