ইরানের শর্ত পূরণ না হলে চলমান কূটনৈতিক প্রক্রিয়া বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদক।
তিনি মন্তব্য করেন, ইরানের স্বার্থ রক্ষা না হলে আলোচনা থেকে সরে আসাও দেশটির জন্য একটি কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হতে পারে।
ইসলামাবাদ থেকে সরাসরি রিপোর্ট করা ওই প্রতিবেদক আরও জানান, ইরানি প্রতিনিধি দল প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবে। এরপর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময় ও অন্যান্য বিস্তারিত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরিষ্কার হবে। এরই মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও খবর পাওয়া গেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বারবার ইরানের শর্ত এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থাহীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরা হচ্ছে।
এছাড়া প্রতিবেদনে বলা হয়, ইরান বর্তমানে তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে এবং তাদের শর্ত পূরণ না হলে আলোচনা ছাড়াই অগ্রসর হওয়ার সক্ষমতা রাখে।