সোমবার, 26 অক্টোবর 2026
সকল বিভাগ

স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের আড়ালে সামরিক অভিসন্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে গোপনে ইরানে স্থল অভিযানের নীল নকশা তৈরি করছে।

স্থল অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থানের আড়ালে সামরিক অভিসন্ধি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন একদিকে আলোচনার প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে গোপনে ইরানে স্থল অভিযানের নীল নকশা তৈরি করছে। রোববার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া এই যুদ্ধ এখন অত্যন্ত সংবেদনশীল ও সংকটপূর্ণ পর্যায়ে উপনীত হয়েছে।

স্পিকার গালিবাফ আরও স্পষ্ট করেন যে, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য স্থল হামলা মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র বা তার আঞ্চলিক মিত্ররা যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়, তবে তেহরান তার কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে।

সংঘাত নিরসনের বিষয়ে ইরান সরকারের অবস্থান তুলে ধরে মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানিয়েছেন, তেহরান টেকসই শান্তির পথে অগ্রসর হতে আগ্রহী। তবে তিনি শর্তারোপ করে বলেন, যেকোনো কার্যকর আলোচনার টেবিলে অবশ্যই যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরান এই যুদ্ধ শুরু করেনি, কিন্তু গত এক মাসে দেশটি অপূরণীয় ক্ষতির শিকার হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি আগ্রাসনে শত শত সাধারণ ইরানি নাগরিক এবং উচ্চপর্যায়ের জাতীয় নেতৃবৃন্দ প্রাণ হারিয়েছেন। এছাড়া আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মুখপাত্র মোহাজেরানি জোর দিয়ে বলেন, শান্তি আলোচনার ক্ষেত্রে কেবল যুদ্ধবিরতি নয়, বরং যথাযথ ক্ষতিপূরণ প্রদান, হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ নিশ্চিত করা এবং দেশটির ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেতে হবে।