বিদেশে অর্থ পাচারের অভিযোগ ঘিরে চলমান অনুসন্ধানের মধ্যে ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।
মঙ্গলবার (১০ মার্চ) সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
মামলার বিষয়ে সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম ও অর্গানাইজড ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, সালাম বেপারী, তার স্ত্রী এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই দেশি-বিদেশি মুদ্রা পাচারের মাধ্যমে তারা কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে উল্লেখযোগ্য পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন বলেও তথ্য পাওয়া গেছে।
সিআইডির আবেদনে আরও বলা হয়, অর্থ পাচারের অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে অভিযুক্তদের বিদেশ যাতায়াত বন্ধ রাখা জরুরি। একইসঙ্গে তাদের এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা প্রতিষ্ঠানগুলোর তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা প্রয়োজন। তাই এসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য আদালতের আদেশ চাওয়া হয়।