শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত পালনে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত পালনে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

উচ্চশিক্ষার জন্য গিয়ে যারা মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিচ্ছেন কিংবা নিয়মিত শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ কারণ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরে দাঁড়ালে বা ক্লাসে অনিয়মিত হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে, যা ভবিষ্যতে তাদের পুনরায় মার্কিন ভিসা পাওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারে।

শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, স্টুডেন্ট ভিসার সুবিধা বজায় রাখতে হলে শিক্ষার্থীদের অবশ্যই তাদের নির্ধারিত কোর্স ও শিক্ষাক্রমের নিয়মাবলি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। একাডেমিক কার্যক্রমে সক্রিয় থাকা একজন ভিসাধারীর অন্যতম প্রধান শর্ত।

দূতাবাস আরও স্পষ্ট করেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি ব্যতিরেকে পড়াশোনা থেকে বিরত থাকা বা ভিসার কোনো শর্ত লঙ্ঘন করা আইনত দণ্ডনীয়। এমন কর্মকাণ্ড কেবল বর্তমান ভিসাকেই হুমকির মুখে ফেলবে না, বরং পরবর্তী সময়ে নতুন করে ভিসার আবেদনের ক্ষেত্রে স্থায়ী জটিলতা বা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি করবে।

শিক্ষার্থীদের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সর্বদা আইনি কাঠামো ও ভিসার শর্তাবলি মেনে চলার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। বৈধ শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থান সুসংহত রাখতে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সুযোগ অটুট রাখতে নিয়ম মেনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।