আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজেদের নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বুধবার সন্ধ্যায় দলটির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছিলেন, ইশতেহার প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি উল্লেখ করেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত এবং নিজেদের ৩১ দফা ও ২৭ দফার আলোকে দেশব্যাপী কর্মসূচি পালন করেছে। সেই দীর্ঘ অভিজ্ঞতা ও জনআকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়েই এবারের নির্বাচনী ইশতেহার চূড়ান্ত রূপ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে এই ইশতেহার ঘোষণার মাধ্যমে দলটি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবে।