শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২০২৭ মেয়াদের দুই দিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার সকাল ১০টায় সমিতির মিলনায়তনে এই প্রক্রিয়া শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার মধ্যাহ্নভোজ ও নামাজের বিরতি রাখা হয়েছে।

সভাপতি, সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। সমিতির মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার লক্ষে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি শক্তিশালী নির্বাচন উপ-কমিটি দায়িত্ব পালন করছে।

নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে রাজনৈতিক আদর্শ ভিত্তিক বিভিন্ন প্যানেলের মধ্যে। বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নীল প্যানেলের অন্য গুরুত্বপূর্ণ প্রার্থীরা হলেন সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান এবং কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান।

অন্যদিকে, জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি হিসেবে লড়াই করছেন আবদুল বাতেন এবং সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার। এই প্যানেলের কোষাধ্যক্ষ প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম। এছাড়া এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার আংশিক প্রার্থী দিয়েছে, যেখান থেকে সম্পাদক পদে লড়ছেন আজমল হোসেন বাচ্চু।

প্যানেল ভিত্তিক লড়াইয়ের বাইরেও বেশ কয়েকজন প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর মধ্যে সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ এবং সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়াসহ আরও চারজন প্রার্থী রয়েছেন। দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। আদালত প্রাঙ্গণে নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।