আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত প্রকাশ করা হয়।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ মার্চ বিকেল ৩টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সভায় দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।
স্বাধীনতা দিবসের দিন ২৬ মার্চ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে সংগঠনের প্রতিটি স্তরে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
একই দিন ভোরে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডা. শফিকুর রহমান এমপি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সেখানে তিনি মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করবেন।