মহান স্বাধীনতার ৫৫ বছর পরও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও পাকিস্তানপন্থি অপশক্তি নতুন রূপে মাথাচাড়া দিয়ে উঠছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি হানাদার বাহিনীকে সরাসরি সহযোগিতা করেছিল, সেই একই চক্র আজ ভিন্ন মোড়কে রাজনীতিতে সক্রিয় হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "এই অপশক্তিকে যেকোনো মূল্যে রুখে দিতে হবে। এদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর যেকোনো আঘাত মোকাবিলায় আমাদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।"
রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তিনি বলেন, "আমাদের অতীতচারিতা বর্জন করতে হবে। কেবল পেছনের দিকে তাকালে দেশ এগোবে না। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের সামনের দিকে তাকাতে হবে।" তিনি আরও যোগ করেন যে, স্বাধীনতাকে সমুন্নত রাখা এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে এখন সবাইকে অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।
বক্তব্যের শেষ পর্যায়ে মির্জা ফখরুল দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সব ধরণের দেশি-বিদেশি ষড়যন্ত্র ও অপশক্তিকে পরাজিত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তার সুযোগ্য নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও অঙ্গ-সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।