গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশবাসীর প্রতি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে উৎসাহের সঙ্গে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। নির্বাচনকে সফল করে তুলতে রাজনৈতিক দল, প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান সিইসি।
সিইসি বলেন, ‘সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।’
ভাষণের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। সিইসি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে আমরা আজ গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে পৌঁছেছি। আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।
আগামীকালের নির্বাচনকে ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ভোট প্রদান কেবল নাগরিকের অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও। রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে সবাই যেন সচেতন ও দায়িত্বশীল আচরণ করেন।
গণতান্ত্রিক ব্যবস্থায় মতভিন্নতা স্বাভাবিক—এ কথা উল্লেখ করে এ এম এম নাসির উদ্দিন বলেন, আপনারা উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসুন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিন। একই সঙ্গে, গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক পরিণতি হিসেবে জয়-পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা রাখুন।
এ ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো অনভিপ্রেত পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সহায়তা করুন। ব্যক্তিগত অসুবিধা উপেক্ষা করে জাতীয় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সফল করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তিনি।
বক্তব্যের শেষে সিইসি আশা প্রকাশ করেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচনের সাক্ষী হবে।