শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মহাতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতী বিজয়’ হিসেবে সমধিক পরিচিত, ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর শপথ নিলেন বিজয়
ছবি : সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় মহাতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে ‘থালাপতী বিজয়’ হিসেবে সমধিক পরিচিত, ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

আজ রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এই পদের জন্য শপথ নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয়কে শপথবাক্য পাঠ করান। এর আগে গতকাল শনিবার বিজয় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানান। এ সময় তিনি বিভিন্ন মিত্র দলের সমর্থন সংবলিত প্রয়োজনীয় নথিপত্র জমা দেন।

বিজয় জানান, তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসনে জয়লাভ করেছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের লক্ষ্যমাত্রা পূরণে তিনি কংগ্রেসের ৫ জন বিধায়ক, ভিদুথালাই চিরুথাইগাল কাটচি (ভিসিকে)-এর ২ জন এবং বামপন্থী দলগুলোসহ অন্যান্য মিত্রদের সমর্থন লাভ করেছেন। সব মিলিয়ে তার জোটে বর্তমানে ১২০ জন বিধায়কের সমর্থন রয়েছে। উল্লেখ্য, বিজয় দুটি নির্বাচনী আসন থেকে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন তাকে ছেড়ে দিতে হবে।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ২৩৪টি আসনের মধ্যে ১০৮টিতে জয় পেয়ে এক অভাবনীয় চমক দেখায়। দীর্ঘ কয়েক দশকের ডিএমকে ও এআইএডিএমকে-এর দ্বিমুখী রাজনৈতিক আধিপত্য ভেঙে বিজয়ের এই উত্থানকে ভারতীয় রাজনীতিতে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিজয়ের নতুন মন্ত্রিসভায় নয়জন জ্যেষ্ঠ নেতাও আজ শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ শেষে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় তামিলনাড়ুর জনগণের উন্নয়নে কাজ করার এবং একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করার অঙ্গীকার ব্যক্ত করেন।