শিশুদের মধ্যে ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে জয়পুরহাটে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। টানা ৪০ দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা শিশুদের সম্মান জানাতে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বাইসাইকেল ও নগদ অর্থ।
শনিবার (৭ মার্চ) বিকেলে জেলা শহরের সাহেব পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটির উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি মুহা: হাসিবুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাফিজুর রহমান মাফুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় নিয়মিত দায়িত্ব পালনকারী ১৪ জন শিশুকে নতুন বাইসাইকেল দেওয়া হয়েছে। পাশাপাশি দ্বিতীয় স্থান পাওয়া ১৭ জন শিশুকে প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে এবং তৃতীয় স্থান অর্জনকারী ৬ জন শিশুকে ১ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন সাহেব পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহিদুল ইসলাম, ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, শাহ আলম মোল্লা রিপন এবং মাওলানা জোবাইদুল ইসলামসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে অনেক শিশু মোবাইল গেমস ও ইন্টারনেটের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। তাদেরকে ইতিবাচক পথে ফিরিয়ে আনতে এবং ধর্মীয় শিক্ষার সঙ্গে যুক্ত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মতে, ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস ও নৈতিক শিক্ষা শিশুদের ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
পুরস্কার হিসেবে নতুন বাইসাইকেল ও অর্থ পেয়ে শিশুদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। এ সময় উপস্থিত অভিভাবকরাও মসজিদ কমিটির এই সৃজনশীল উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের নিয়মিত মসজিদমুখী করতে এবং ভালো অভ্যাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।