শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

তারেক রহমান ছাড়া আমাদের কোন ভবিষ্যত নাই: জহির উদ্দিন স্বপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্রকে সুশৃঙ্খল কাঠামোয় ফিরিয়ে আনতে ব্যর্থ হলে দেশে অরাজকতা ছড়িয়ে পড়তে পারে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে কার্যকর ও নির্ভরযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

তারেক রহমান ছাড়া আমাদের কোন ভবিষ্যত নাই: জহির উদ্দিন স্বপন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্রকে সুশৃঙ্খল কাঠামোয় ফিরিয়ে আনতে ব্যর্থ হলে দেশে অরাজকতা ছড়িয়ে পড়তে পারে। এই সংকট থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে কার্যকর ও নির্ভরযোগ্য বলে মন্তব্য করেন তিনি।

শনিবার বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ ও পথসভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ক্ষেত্রে তারেক রহমানের কোনো বিকল্প নেই। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, যারা আগে কখনো ধানের শীষে ভোট দেননি, দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এবার যেন তারা বিএনপির প্রতীকে ভোট দেন।

এ সময় জহির উদ্দিন স্বপন আরও বলেন, দেশে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে সংখ্যালঘু ও অমুসলিম সম্প্রদায়। তবে বিএনপি ক্ষমতায় এলে প্রতিশোধের রাজনীতি নয়, বরং সহমর্মিতা ও বৈষম্যহীন শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলে তিনি আশ্বাস দেন।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি জানান, জনবান্ধব সরকার গঠনের পর দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। পাশাপাশি নারী ও কৃষিবান্ধব নীতি গ্রহণের মাধ্যমে শিক্ষিত বেকারদের দক্ষ মানবসম্পদে রূপান্তর করা হবে। বিদেশে কর্মসংস্থানে আগ্রহীদের উন্নত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

পথসভায় বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আগামী দিনের সরকার হবে জনগণের সেবক—যেখানে কান্না, হিংসা বা প্রতিহিংসার কোনো জায়গা থাকবে না। এই নির্বাচনি প্রচারণায় বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।