হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জেলার স্বাভাবিক জীবনযাত্রা কার্যত থমকে গেছে। কয়েক দিন ধরে চলা এই শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ, যানবাহন চালক, শিশু ও বয়স্করা।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ এবং ঘণ্টায় ১০ থেকে ১২ কিলোমিটার বেগে বইছিল হিমেল বাতাস। এর আগের দিন শুক্রবার ভোরে চলতি শীত মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
গত কয়েক দিন ধরে দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। শনিবার ভোর থেকেই গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। এতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে গিয়ে যান চলাচলে ব্যাঘাত ঘটে। অনেক চালককে বাধ্য হয়ে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা গেছে।
শীত ও কুয়াশার প্রভাবে সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছেন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডায় ভোরে কাজে বের হতে না পারায় বহু পরিবারের দৈনিক আয়ের পথ বন্ধ হয়ে গেছে। শীত নিবারণে ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন এলাকায় খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জেলার তাপমাত্রা ওঠানামা করছে এবং শীতের তীব্রতা বেড়েছে। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
এদিকে তীব্র শীতে পঞ্চগড়ের জনজীবনে চরম দুর্ভোগ নেমে এলেও প্রয়োজন অনুযায়ী শীতবস্ত্র সহায়তা এখনো পর্যাপ্তভাবে না পৌঁছানোয় খেটে খাওয়া মানুষের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা বাড়ছে।