উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী এবং প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদের মৃত্যুতে কানাডার টরন্টোয় এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় টরন্টোর বাংলা পাড়ার রেড হট রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত এ শোকসভায় কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়েজুল করিম, নওশের আলী, বনি আব্রাহাম, লিটন মাসুদসহ কমিউনিটির আরও অনেক সদস্য। বক্তারা তোফায়েল আহমেদের দীর্ঘ রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
শোকসভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন লিয়াকত সিকদার। তিনি বলেন, “১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের মহানায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। সাবেক মন্ত্রী ও নয়বারের সংসদ সদস্য হিসেবে তার দীর্ঘ রাজনৈতিক জীবন দেশের জন্য নিবেদিত ছিল। তার প্রয়াণে জাতি একজন অভিজ্ঞ অভিভাবককে হারালেও তার কর্ম ও অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”
আলোচনায় বক্তারা বলেন, তোফায়েল আহমেদ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার রাজনৈতিক দূরদর্শিতা, নেতৃত্বের দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অনুষ্ঠানের শেষে তোফায়েল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।