দেশের চলমান গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংকট মোকাবিলায় কার্যকর উদ্যোগের পরিকল্পনা দিতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দরিদ্র মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
মহাখালীর কড়াইল টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ নিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। গ্যাসের সমস্যা সমাধানে চেষ্টা করছে সরকার। কারিগরি ত্রুটি কমানো হয়েছে, দ্রুতই বিদ্যুতের সমস্যা থেকে মুক্তি মিলবে।’
এ সময় বিরোধী দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, শুধু সমালোচনা না করে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় তাদেরও কার্যকর পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা উচিত। এ জন্য আগামী তিন মাসের মধ্যে পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি।
গণতন্ত্র ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র থাকলে জবাবদিহি থাকবে, তখনই দেশের উন্নয়ন হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস দেওয়ার কাজ শুরু হবে। উপজেলার সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তর করবে সরকার।’
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।