রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন লেগে একটি বগি পুড়ে গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রাত ৯টা ৩৩ মিনিটে ট্রেনে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাত ৯টা ৪৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের দুটি এবং সিদ্দিক বাজার স্টেশনের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। রাত ৯টা ৫২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের গণমাধ্যম শাখার কর্মকর্তা আবু তালহা বিন জসিম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে। আগুন নিভে গেছে, এখন শুধু ধোঁয়া রয়েছে।
তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে বা এটি নাশকতার কোনো ঘটনা কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার ওসি বলেন, “আগুন লেগেছে। তবে কীভাবে বা কারা লাগিয়েছে, সেটা এখনই বলা যাচ্ছে না।”
নেত্রকোনার মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস প্রতিদিন রাত ১০টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়।