বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৪

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোভ্যানে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

ট্রাকের ধাক্কায় অটোভ্যানের যাত্রী স্বামী-স্ত্রী নিহত, আহত ৪
ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোভ্যানে থাকা এক দম্পতির মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ভূঁইয়াগাতী থেকে নিমগাছীগামী আঞ্চলিক সড়কের খৈচালা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন তাড়াশ থানার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা জালাল উদ্দিন এবং তাঁর স্ত্রী মনোয়ারা বেগম।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি অটোভ্যান সড়কটি দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

আহত চারজনকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। তিনি বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।