ওয়াশিংটনের প্রাণকেন্দ্রে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে আচমকা বন্দুকধারীর হামলাচেষ্টায় মুহূর্তেই উৎসবের আমেজ রূপ নিল আতঙ্কে। হোয়াইট হাউস করেসপনডেন্ট ডিনার চলাকালীন এই হামলার ঘটনা ঘটলেও কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণে বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস।
হামলাকারীকে শনাক্ত ও নাটকীয় গ্রেপ্তার
সিএনএন-এর তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে এই ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। ঘটনার পর ট্রাম্প নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ হামলাকারীর ছবি ও ভিডিও প্রকাশ করেন। ফুটেজে দেখা যায়, পুলিশ হামলাকারীকে অর্ধনগ্ন অবস্থায় মাটিতে শুইয়ে হাত-পা বেঁধে ফেলছে।
ওয়াশিংটন হিলটন হোটেলে রণক্ষেত্র
রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটন হিলটন হোটেলে প্রায় ২ হাজার ৬০০ বিশিষ্ট অতিথির উপস্থিতিতে নৈশভোজ চলছিল। ঠিক সেই সময় হোটেলের নিরাপত্তা চেকপয়েন্টে হামলাকারী অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্প দম্পতিকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন।
তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একটি শটগান ব্যবহার করে দায়িত্বরত এক সিক্রেট সার্ভিস সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ওই কর্মকর্তার গায়ে বুলেটপ্রুফ ভেস্ট থাকায় তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। ঘটনাস্থলেই আইনশৃঙ্খলা বাহিনী কোল টমাসকে পরাস্ত করে হেফাজতে নেয়।
অস্ত্রভাণ্ডার ও আইনি পদক্ষেপ
প্রাথমিক তল্লাশিতে সন্দেহভাজনের কাছ থেকে একটি শটগান, একটি হ্যান্ডগান এবং একাধিক ছুরি উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, যুবকটি দ্রুতগতিতে সিকিউরিটি স্ক্রিনিং এলাকা পার হওয়ার চেষ্টা করছিল, যা ব্যর্থ করে দেন নিরাপত্তা কর্মীরা।
ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ইউএস অ্যাটর্নি জিনাইন পিরো জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে সহিংস অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার গুরুতর অভিযোগ আনা হবে। তিনি বলেন, "এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে স্পষ্ট, অভিযুক্ত ব্যক্তি সর্বোচ্চ ক্ষতি সাধনের উদ্দেশ্য নিয়েই এসেছিল। তবে প্রবেশমুখের নিরাপত্তা চেকপয়েন্ট কার্যকর থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।"
নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর এর আগে দুবার প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছিল। নতুন করে এই হামলাচেষ্টা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও পুলিশ মনে করছে এটি একটি বিচ্ছিন্ন এবং একক পরিকল্পনাপ্রসূত হামলা, তবুও নিশ্চিত হতে ক্যালিফোর্নিয়ায় সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা।
হামলার প্রকৃত মোটিভ বা উদ্দেশ্য এখনও অস্পষ্ট। তবে ওয়াশিংটনের হাই-প্রোফাইল অনুষ্ঠানে এমন ঘটনা আমেরিকান রাজনীতির উত্তাল প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।