রাজশাহীতে গ্যারেজে গিয়ে ‘ট্রায়াল’ দিয়ে দেখার কথা বলে গাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গ্যারেজ মালিক সংবাদ সম্মেলন করলে বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় আসে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে দল থেকেও বহিষ্কার করা হয়।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন গ্যারেজ মালিক নূর আহমেদ। একই দিন বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযুক্ত নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায়।
বহিষ্কৃত নেতার নাম এস এম সফিক মাহমুদ (তন্ময়)। তিনি রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন সফিক মাহমুদ।
যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সফিক মাহমুদকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের সভাপতি আবদুল মোনায়েম (মুন্না) ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম (নয়ন) এ সিদ্ধান্ত কার্যকর করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।
এর আগে সংবাদ সম্মেলনে নূর আহমেদের ভাই মোহাম্মদ আলী অভিযোগ করেন, নগরের বন্ধগেট এলাকায় তাঁর ভাইয়ের একটি গাড়ির গ্যারেজ রয়েছে। সেখানে গাড়ি মেরামতের পাশাপাশি পুরোনো গাড়ি কেনাবেচা করা হয়। তিনি জানান, গত ১৮ নভেম্বর বিকেলে যুবদল নেতা সফিক মাহমুদ (তন্ময়) গাড়ি কেনার উদ্দেশ্যে গ্যারেজে আসেন। গ্যারেজে থাকা একটি গাড়ি পছন্দ হলে ছয় লাখ টাকায় দাম চূড়ান্ত হয়। এরপর ‘ট্রায়াল’ দেওয়ার কথা বলে গাড়িটি নিয়ে যান সফিক মাহমুদ, কিন্তু আর ফেরত দেননি। কয়েক দিন পর ফোনে যোগাযোগ হলেও গাড়ি ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন মোহাম্মদ আলী। তাঁর ভাষ্য অনুযায়ী, তন্ময় নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে কিছু করা যাবে না।
গ্যারেজ মালিক নূর আহমেদ বলেন, ‘আমি গত ১৪ ডিসেম্বর মহানগরের রাজপাড়া থানায় মামলা করতে যাই। কিন্তু ওসি মামলা নেননি। আসামি প্রভাবশালী হওয়ায় তিনি আমাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে ২২ ডিসেম্বর আদালতে মামলা করি। বিষয়টি মহানগর বিএনপি ও যুবদলের শীর্ষ নেতাদের জানানো হয়েছে। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।’
নূর আহমেদ আরও দাবি করেন, শহরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা মো. মিজানুর রহমানের কাছ থেকে গাড়িটি কিনে বিক্রির জন্য গ্যারেজে রাখা হয়েছিল। এ সংক্রান্ত চুক্তিপত্র ও বিআরটিএর প্রয়োজনীয় কাগজপত্রসহ সব প্রমাণ তাঁর কাছে রয়েছে। সেই গাড়িটিই সফিক মাহমুদ নিয়ে গেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা সফিক মাহমুদ বলেন, ‘গাড়িটা আমার কেনা। ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি আনার অভিযোগ একেবারেই সত্য নয়।’ গাড়ি কেনার অ্যাফিডেভিট আছে কি না—এ প্রশ্নে তিনি বলেন, ‘এটা এখনো করা হয়নি।’ বহিষ্কারের প্রসঙ্গে তিনি জানান, ‘দল তো আমাকে শোকজও করেনি। হঠাৎ এটা দেখছি। সমস্যা নাই। আমি সঠিক আছি। সবকিছুই প্রমাণ হয়ে যাবে।’
মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম বলেন, ‘যারা অপকর্মের সঙ্গে যুক্ত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ সেটি জেনেছি। ইতিমধ্যে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করেছে।’