ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আবারও ওয়াকআউট করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টা ৫৫ মিনিটে তারা অধিবেশন ত্যাগ করেন।
বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। এরপর তিনি জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান।
ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করে ডা. শফিকুর রহমান বলেন, “দুঃখজনক হলেও সত্য বিরোধী দলের যৌক্তিক বাধা সত্ত্বেও যে কয়টি গণবিরোধী বিল আজ পাশ হয়েছে, আমরা তার দায় নিতে চাই না। এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করেছি।”
এর আগে একই অধিবেশন থেকে বিরোধী দল আরও দুইবার ওয়াকআউট করে। জাতীয় সংসদের কার্যক্রম শুরুর দিন ১২ মার্চ রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে প্রথমবার তারা অধিবেশন ত্যাগ করে। পরে ১ এপ্রিল দ্বিতীয়বার ওয়াকআউট করে বিরোধী জোটের সদস্যরা।