অন্তর্বর্তী সরকারের কার্যক্রমের সমাপ্তি ঘিরে আজ সোমবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপদেষ্টা ও সচিবদের সঙ্গে ধারাবাহিক এই বৈঠককে সরকারের শেষ আনুষ্ঠানিক সভা হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক ড. ইউনূসের সভাপতিত্বে প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল সোয়া ১০টায় শুরু হতে যাওয়া এ বৈঠকে তিনি সচিবদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে মোট ৭৫ জন সচিব দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক সচিব। সংশ্লিষ্ট সব সচিব আজকের বৈঠকে অংশ নেবেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ৯ ফেব্রুয়ারি সরকারের শেষ বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৈঠকে প্রধান উপদেষ্টা বিদায়ী বক্তব্যে সচিবদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। পরে উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে।
তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজন দেখা দিলে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান করা হতে পারে বলেও জানা গেছে।
এদিকে উপদেষ্টাদের মধ্যে সরকারি বাসভবন ত্যাগ ও কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে দুজন উপদেষ্টা সরকারি বাসা ছেড়ে দিয়েছেন এবং বাসা হস্তান্তরের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। পাশাপাশি তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।
সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, অন্তর্বর্তী সরকার নির্বাচন শেষে দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।