মঙ্গলবার, 27 অক্টোবর 2026
সকল বিভাগ

উত্তরায় বাসের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

উত্তরায় বাসের ধাক্কায় পথচারী নিহত
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকার আব্দুল্লাহপুরে বাসের ধাক্কায় আনোয়ার হোসেন নামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পেশায় মাছের আড়তের পানি সরবরাহকারী আনোয়ার হোসেন বগুড়ার শিবগঞ্জ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে আব্দুল্লাহপুরেই বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আড়তের কাজ শেষ করে আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেল থেকে সকালের নাস্তা সেরে বের হয়েছিলেন আনোয়ার হোসেন। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ইসলাম পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন এবং একটি ব্যাটারিচালিত রিকশার নিচে চাপা পড়ে গুরুতর জখম হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা বাংলাদেশ মেডিকেল এবং পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, ঘটনার পর স্থানীয় জনতা ইসলাম পরিবহনের বাসটি জব্দ করতে পারলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, মরদেহ বর্তমানে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।