বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতে বিয়ের দিন দুই বোনের আত্মহত্যা

ভারতের রাজস্থান রাজ্যের জোদপুরের মানাই গ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই দিনে দুই বোনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিজেদের বিয়ের ঠিক কয়েক ঘণ্টা আগে শোভা (২৫) ও ভিমলা (২৩) নামের ওই দুই তরুণী বিষাক্ত দ্রব্য পান করে প্রাণ হারান। রোববার (২২ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ভারতে বিয়ের দিন দুই বোনের আত্মহত্যা
ছবিঃ সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের জোদপুরের মানাই গ্রামে এক মর্মান্তিক ঘটনায় একই দিনে দুই বোনের আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিজেদের বিয়ের ঠিক কয়েক ঘণ্টা আগে শোভা (২৫) ও ভিমলা (২৩) নামের ওই দুই তরুণী বিষাক্ত দ্রব্য পান করে প্রাণ হারান। রোববার (২২ ফেব্রুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বোনের বিয়ের জন্য গত শনিবার দিনটি নির্ধারিত ছিল। শুক্রবার রাতভর বাড়িতে বিয়ের আনন্দ উৎসব ও প্রস্তুতির কাজ চলছিল। দীর্ঘ সময় পারিবারিক উদযাপনে অংশ নেওয়ার পর মধ্যরাতে দুই বোন ঘুমাতে যান। তবে ভোর ৪টার দিকে তাদের শারীরিক অবস্থার আকস্মিক অবনতি ঘটলে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

জোদপুরের এডিসিপি (ওয়েস্ট) রোশান মীনা গণমাধ্যমকে জানান, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার কিছু সময় পরেই তারা অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করে। প্রাথমিক তদন্তে তাদের শরীরে বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে এটি নিছক আত্মহত্যা নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে গভীর তদন্ত চলছে।

এদিকে ঘটনাটিতে নতুন মোড় নিয়েছে দুই বোনের মামার অভিযোগের প্রেক্ষিতে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মামা দাবি করেছেন যে দুই বোন এই বিয়েতে রাজি ছিলেন না। তাদের চাচা জোরপূর্বক এই বিয়ের আয়োজন করেছিলেন, যা নিয়ে পরিবারে চরম মনোমালিন্য চলছিল। ধারণা করা হচ্ছে, অমতে বিয়ের হাত থেকে বাঁচতেই দুই বোন চরম এই পথ বেছে নিয়েছেন। পুলিশ এই অভিযোগ খতিয়ে দেখছে।