ভারতের উত্তর প্রদেশে প্রবল বর্ষণ, বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে গত দুই দিনে অন্তত ১১১ জন প্রাণ হারিয়েছেন।
গত বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজ্যের ২৫টি জেলায় এ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটে। সরকারি তথ্য অনুযায়ী, এসব ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭২ জন।
রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি রেকর্ড করা হয়েছে প্রয়াগরাজে, যেখানে ২১ জন মারা গেছেন। এছাড়া মির্জাপুরে ১৯ জন, সন্ত রবিদাসনগরে ১৬ জন এবং ফতেহপুরে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়-বৃষ্টির তণ্ডবে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছে ১৭০টি গবাদিপশু এবং বিধ্বস্ত হয়েছে ২২৭টি ঘরবাড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ইন্টিগ্রেটেড কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারের মাধ্যমে দুর্গত এলাকাগুলোর সার্বক্ষণিক তদারকি চালিয়ে যাচ্ছে।
দুর্যোগের মাঝে বেরেলি জেলার ভামোরা এলাকায় এক অদ্ভুত ও আতঙ্কজনক ঘটনা প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা। ঝোড়ো বাতাসের প্রচণ্ড চাপে বাবিয়ানা গ্রামের নানহে আনসারি নামের এক ব্যক্তি টিনের চালসহ প্রায় ৫০ ফুট উচ্চতায় উড়ে যান। পরে তিনি কাছের একটি ভুট্টাখেতে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। শূন্যে উড়ে যাওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানে কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছেন। বর্তমানে বিভিন্ন জেলায় দ্রুত গতিতে ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।