ভারতে কোন দল ক্ষমতায় এসেছে, তা নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। একই সঙ্গে তিনি বলেন, অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি বাংলাদেশের সম্মান রয়েছে।
মঙ্গলবার (৫ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পশ্চিমবঙ্গের জনগণ তাদের সরকার নির্বাচন করেছে এবং এটি তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে মন্তব্য না করে নিজেদের দেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, ভারতের কোন দল ক্ষমতায় এলো বা গেল—তা মুখ্য বিষয় নয়। তাঁর ভাষায়, স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ায় যেই ক্ষমতায় আসুক না কেন, দুই দেশের সম্পর্ক একই থাকবে।
তিনি আরও বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছে এবং তিনি নির্বাচিতদের অভিনন্দন জানান।
দেশের অভ্যন্তরীণ রাজনীতি প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে হবে। তিনি নারী নেতৃত্বকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং বলেন, এখন আর একদলীয় শাসনব্যবস্থা নেই, ফলে একক সিদ্ধান্তে দেশ চালানো সম্ভব নয়। বিরোধী দলের মতামতও রাষ্ট্র পরিচালনায় গুরুত্ব পাবে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, “আগামী দিনের রাজনীতি হবে গণমানুষের ভাবনার। আমাদের দেশের পররাষ্ট্র নীতি হবে দেশের মানুষের স্বার্থের কথা বিবেচনায় নিয়ে। দেশের মানুষের স্বার্থের বাইরে কোনো কাজ এই সরকার করবে না, এই বিশ্বাস আছে নেতাকর্মীদের।”