সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নতুন দিল্লিতে প্রখ্যাত পরিবেশ ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন কর্মসূচি টানা ১৭ দিনে গড়িয়েছে। দীর্ঘ সময় ধরে খাদ্য গ্রহণ না করায় তার শরীরের মারাত্মক অবনতি ঘটেছে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে বেশ চাপের মুখে ফেলেছে।

আন্দোলনরত যুব নেতৃত্বাধীন রাজনৈতিক দল 'ককরোচ জনতা পার্টি'র (সিজেপি) শীর্ষ নেতৃত্ব সোমবার রাতে তার শারীরিক অবস্থা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন।দেশজুড়ে আয়োজিত চিকিৎসা শাস্ত্রের প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এই অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক। প্রশ্ন ফাঁসের জেরে প্রায় ২২ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং হতাশাগ্রস্ত হয়ে বেশ কয়েকজন পরীক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছেন। শিক্ষার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ হয়ে আন্দোলনস্থল থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের দপ্তরের সামনে তার পদত্যাগের দাবি তুলেছেন এই সমাজকর্মী। অনশন শুরু করার পর থেকে ইতিমধ্যেই তার শরীরের ওজন আট কেজিরও বেশি হ্রাস পেয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোনম ওয়াংচুকের রক্তের শর্করা বারবার আশঙ্কাজনক মাত্রায় নেমে যাচ্ছে। এর ফলে তিনি প্রচণ্ড মাথা ঘোরা এবং পেশি শুকিয়ে যাওয়ার মতো শারীরিক জটিলতায় ভুগছেন। দায়িত্বরত চিকিৎসকেরা তার জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও তিনি কর্মসূচি থেকে সরতে নারাজ। সরকার সিজেপির প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় না বসা পর্যন্ত এই অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ নিপকের মাধ্যমে দেওয়া এক বার্তায় ওয়াংচুক জানান, তাকে অনশন ভাঙার অনুরোধ না করে যেন সরকারকে প্রশ্ন করা হয় তারা কেন আলোচনায় বসছে না। সরকারের এই অনীহায় তীব্র ক্ষোভ প্রকাশ করে সিজেপি প্রধান বলেন, দেশের জন্য বৈশ্বিক সম্মান বয়ে আনা একজন কৃতি সন্তান যখন লাখো শিক্ষার্থীর অধিকার রক্ষায় লড়ছেন, তখন তার সাথে কথা বলার জন্য কোনো মন্ত্রী বা সরকারি প্রতিনিধি না পাঠানো চরম উদাসীনতার বহিঃপ্রকাশ। এই আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দিতে সিজেপির মুখপাত্ররা ভারতের সকল শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণকে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।