ভারতের সেনাবাহিনীর নেতৃত্বে আসছে পরিবর্তন। দেশটির নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। শনিবার (৯ মে) কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৩০ মে বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন রাজা সুব্রামানি।
বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে রয়েছেন।
এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত তিনি উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময়ে ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদেও ছিলেন তিনি।
রাজা সুব্রামানির সামরিক জীবনের সূচনা হয় ১৯৮৫ সালের ডিসেম্বরে। সে সময় তিনি ভারতীয় সেনাবাহিনীর ঐতিহ্যবাহী পদাতিক ইউনিট ‘গারওয়াল রাইফেলস’-এ কমিশন লাভ করেন। চার দশকেরও বেশি সময়ের কর্মজীবনে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি সেনাবাহিনীর বিভিন্ন কমান্ড, প্রশিক্ষণ ও প্রশাসনিক দায়িত্বও সফলভাবে সামলেছেন।
শিক্ষাজীবনে তিনি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি।
দীর্ঘ সামরিক জীবনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক ও পরম বিশিষ্ট সেবা পদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মাননায় ভূষিত হয়েছেন।