প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের জন্য সুখবর এসেছে। তাদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের ভাতার পরিমাণ আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব তুলে ধরা হয়।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য মাসিক ভাতা পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হবে। ফলে বীরশ্রেষ্ঠদের ভাতা দাঁড়াবে ৪০ হাজার টাকা, বীর উত্তমদের ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা হবে ২৫ হাজার টাকা।
অন্যদিকে, সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বর্তমান ২০ হাজার টাকাই বহাল থাকবে। এ ক্ষেত্রে কোনো পরিবর্তনের প্রস্তাব রাখা হয়নি।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের জন্য চালু থাকা ভাতা সুবিধাও অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছে সরকার। বাজেট প্রস্তাব অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা বহাল থাকবে।
এ ছাড়া আহতদের জন্য ক্যাটাগরি অনুযায়ী মাসিক ভাতাও অপরিবর্তিত রাখা হয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরির আহতরা ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরির আহতরা ১৫ হাজার টাকা এবং ‘সি’ ক্যাটাগরির আহতরা ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পেতে থাকবেন।