দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার জ্বালানি তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ৫০ কোটি ডলার মূল্যের ভেনেজুয়েলার তেলের প্রথম চালান ইতোমধ্যে বিক্রি করা হয়েছে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার সিবিএস নিউজ এ তথ্য জানায়। ওই কর্মকর্তা বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আরও তেল বিক্রির আশা করছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে যুক্তরাষ্ট্র ৩ থেকে ৫ কোটি ব্যারেল ভেনেজুয়েলার তেল বাজারে বিক্রি করবে।
হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স এক বিবৃতিতে বলেন, নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের পর ট্রাম্প ‘ভেনেজুয়েলার সঙ্গে একটি ঐতিহাসিক জ্বালানি চুক্তি করেছেন, যা যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার জনগণের জন্য উপকারী হবে।’ তিনি জানান, ট্রাম্পের প্রতিনিধিরা বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে আলোচনা করেছেন এবং এসব প্রতিষ্ঠান ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠনে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।
এর আগে গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। সেখানে ভেনেজুয়েলার তেল বিক্রির অনুমোদন, আয় ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ নিয়ে একটি কৌশল উপস্থাপন করা হয়। হোয়াইট হাউস জানিয়েছে, তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ ভেনেজুয়েলা, সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি ও মার্কিন সরকারের মধ্যে ভাগ করে নেওয়া হবে।
মাচাদোর সঙ্গে ট্রাম্পের বৈঠক আজ
এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। মাচাদোর রাজনৈতিক দলকে ২০২৪ সালের নির্বাচনের বিজয়ী হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হলেও তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ফলাফল প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে মাদুরো গ্রেপ্তার হন। মাচাদো ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্প প্রশাসনের প্রতিও আহ্বান জানান।
কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রীকে সরিয়ে নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ট্রাম্প মাচাদোর নেতৃত্বের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং যুক্তরাষ্ট্র সরাসরি ভেনেজুয়েলার শাসনভার নিতে পারে বলেও মন্তব্য করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে অবস্থান বদলান তিনি। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তিনি একজন খুব ভালো নারী। আমি তাঁকে টেলিভিশনে দেখেছি। আমার মনে হয়, আমরা কেবল মৌলিক বিষয়গুলো নিয়ে কথা বলব।’