আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোগান্তি কমাতে ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জানার চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব সেবার মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
শনিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপ, হটলাইন, এসএমএস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটাররা তাদের ভোটসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে পারবেন।
যে চার পদ্ধতিতে জানা যাবে ভোটার তথ্য:
১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। অ্যাপের ড্যাশবোর্ডে গিয়ে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ অপশন নির্বাচন করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ বাটনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ক্রমিক নম্বর, কেন্দ্রের নাম ও ঠিকানা প্রদর্শিত হবে।
২. হটলাইন সেবা (১০৫)
সরাসরি কথা বলে তথ্য জানতে ভোটাররা ১০৫ নম্বরে কল করতে পারবেন। কল সংযোগের পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ সেবা পেতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই হটলাইন চালু থাকবে।
৩. এসএমএস সেবা
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ‘PC NID’ লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি বার্তায় ভোটার নম্বর ও ভোটকেন্দ্রসংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।
৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
ভোটাররা ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে তথ্য জানতে পারবেন। এখানে দুটি পদ্ধতি রয়েছে—একটি হলো নির্বাচনী এলাকা বা উপজেলা/থানা নির্বাচন করে কেন্দ্রের তালিকা দেখা, অন্যটি হলো এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সরাসরি ভোটার নম্বর ও ভোটকেন্দ্র খুঁজে পাওয়া।
এ ছাড়া ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের অবস্থান, দূরত্ব এবং সেখানে পৌঁছানোর পথ দেখার সুবিধাও রাখা হয়েছে।