নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে ব্যতিক্রমী ভঙ্গিতে ভোটারদের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শেষ গণমিছিলে অংশ নিয়ে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এ গণমিছিলে এমন দৃশ্য দেখা যায়। স্থানীয়দের সঙ্গে হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এর আগে বিকেল ৫টায় সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ গণমিছিলে হাজারের বেশি মানুষ অংশ নেন। পুরো আয়োজন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে জনসাধারণের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন প্রার্থী রুমিন ফারহানা।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল তার শেষ গণমিছিল।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ সিদ্ধান্তের পর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।