আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তবে তার পরিণতি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, “আমরা একটি অসাধারণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই। ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোট দেবেন, কিন্তু অন্যকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি কার্যত শেখ হাসিনার পথই বেছে নিলেন। আমরা কেউ শেখ হাসিনা হতে চাই না, তাই সবার জন্য ভোটাধিকার উন্মুক্ত রাখা হবে।”
সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোটারদের আস্থা ফেরানো, গণভোট ও সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
বিগত সরকারের সমালোচনা করে আইন উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণকে ভোট দেওয়ার সুযোগ দেয়নি। কখনও রাতের আঁধারে ভোট চুরি হয়েছে, কখনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে, আবার কখনও ‘আমি আর ডামি’র সাজানো নাটক মঞ্চস্থ হয়েছে। বাংলাদেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রেখে তারা ক্ষমতা কুক্ষিগত করেছিল এবং দেশকে বিদেশের কাছে লিজ দিয়ে অবৈধভাবে শাসনকার্য চালিয়েছিল।
চলমান গণভোটের গুরুত্ব তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, এই ভোট কোনো নির্দিষ্ট দলের স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে। তিনি জনগণের উদ্দেশে বলেন, “আপনারা যদি দেশ থেকে বৈষম্য, নিপীড়ন, দুর্নীতি ও অবিচার দূর করতে চান, তবে ‘হ্যাঁ’ ভোট দেবেন। আর যদি অন্যায়ের পক্ষ নিতে চান, তবে ‘না’ দেবেন। আমরা নতুন এক বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে শোষণমুক্ত সমাজ গড়তে চাই।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অসীম ত্যাগের বিনিময়ে আজ ভোটের অধিকার ফিরে এসেছে। এবার প্রথমবারের মতো প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন এবং জাতীয় নির্বাচন ও গণভোট একই সাথে অনুষ্ঠিত হচ্ছে। ড. আসিফ নজরুল পুনর্ব্যক্ত করেন যে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তিনটি প্রধান লক্ষ্য— সংস্কার সাধন, গণহত্যাকারীদের বিচার এবং একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বগুড়ার অধ্যক্ষ এস এম প্রকৌশলী ইমদাদুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা পুলিশ সুপার শাহাদাত হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সর্বস্তরের ছাত্র-জনতা।