ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ স্পষ্ট—ভোটের খবর সংগ্রহ করতে এবার বাংলাদেশে আসছেন বিশ্বের বিভিন্ন দেশের বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী। বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি নির্বাচন কাভার করতে ২১টি দেশ থেকে প্রায় ১৭০ জন সাংবাদিকের আগমন নিশ্চিত হয়েছে।
আজ সোমবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত ২১ দেশের প্রায় ১৭০ জন বিদেশি গণমাধ্যমকর্মী বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের দুই সংসদ নির্বাচনে বিদেশি সাংবাদিকদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিতে নিবন্ধন করেছিলেন ৭১ জন এবং একাদশ নির্বাচনে ৫৬ জন বিদেশি সাংবাদিক।
ইসি ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী মিলিয়ে মোট ৫৪২ জন বিদেশি নাগরিকের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউইওএম) ও বিভিন্ন দ্বিপক্ষীয় প্রতিনিধি মিলিয়ে ২৪১ জন পর্যবেক্ষক রয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থার ৮০ জন বিদেশি পর্যবেক্ষক, ৫১ জন স্বাধীন পর্যবেক্ষক এবং ১৭০ জন গণমাধ্যমকর্মী নির্বাচনের কার্যক্রম পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহে অংশ নেবেন। সব মিলিয়ে ২৩টি দেশ থেকে এসব বিদেশি অতিথি বাংলাদেশে আসছেন।
এ পর্যন্ত ইসিতে নিবন্ধিত ১৭০ জন সাংবাদিক ২১টি দেশের প্রতিনিধিত্ব করছেন। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, চীন, জাপান, তুরস্ক, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সংখ্যার দিক থেকে ভারত থেকে আসছেন সর্বাধিক ৬০ জন এবং পাকিস্তান থেকে ৫৮ জন সাংবাদিক।
নির্বাচন কাভার করতে যেসব আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা বাংলাদেশে আসছেন, তাদের মধ্যে রয়েছে বিবিসি, দ্য নিউইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান, দ্য ইনডিপেনডেন্ট, আল–জাজিরা, ব্লুমবার্গ, থমসন রয়টার্স, এএফপি, এপি, স্কাই নিউজ, ডয়চে ভেলে, এবিসি অস্ট্রেলিয়া, ফ্রান্স ২৪, এনএইচকে, কিয়োডো নিউজ, জিজি প্রেস, চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, পিটিআই, পিআইবি, এনডিটিভি, সিএনএন নিউজ ১৮, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেস।
আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষকদের এই উপস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বৈশ্বিক অঙ্গনে আরও বেশি গুরুত্বের কেন্দ্রে নিয়ে আসছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।