সিলেটের জৈন্তাপুরে ‘নীল নদ’ নামে পরিচিত সারি নদে চোরাবালিতে তলিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মুসআব আমীন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন।
মুসআব আমীন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের বাসিন্দা এবং মো. শহিদুর রহমানের ছেলে। আজ শুক্রবার দুপুর আনুমানিক একটার দিকে জৈন্তাপুর উপজেলার সারি নদের সাহেবমারা এলাকায় চোরাবালিতে তলিয়ে তিনি নিখোঁজ হন। পরে বিকেল চারটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ঘুরতে সারি নদ এলাকায় যান মুসআব। দুপুরের দিকে সাহেবমারা এলাকায় বন্ধুদের সঙ্গে নদে গোসল করতে নামলে হঠাৎ পানির নিচের চোরাবালিতে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাঁকে উদ্ধার করতে পারেননি।
ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল চারটার দিকে মুসআব আমীনকে নদ থেকে উদ্ধার করে। তাঁকে দ্রুত জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাটি নিশ্চিত করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মরদেহ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”