‘কোয়ান্টিকো’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের একের পর এক বড় প্রজেক্টে নিজেকে প্রমাণ করার পর এবার তিনি যেন সম্পূর্ণ ভিন্ন এক উচ্চতায় পৌঁছাতে চলেছেন। নতুন বছরে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘দ্য ব্লাফ’-এ তার রূপ ও উপস্থিতি ইতিমধ্যেই দর্শক-ভক্তদের মধ্যে আলোড়ন তুলেছে
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ফার্স্ট লুক। উনিশ শতকের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখা গেছে ভয়ংকর এক জলদস্যুর রূপে। তার এই লুক দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে ‘লেডি জ্যাক স্প্যারো’ নামে ডাকছেন। ছবিতে তিনি অভিনয় করেছেন এরসেল বডেন, ওরফে ‘ব্লাডি মেরি’ চরিত্রে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতে রক্তাক্ত দেহ আর উদ্যত তরবারি হাতে হলিউড অভিনেতা কার্ল আরবানের ওপর ঝাঁপিয়ে পড়ছেন প্রিয়াঙ্কা। চোখেমুখে স্পষ্ট প্রতিহিংসার ছাপ, ভঙ্গিমায় আগ্রাসন। নিজের সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মা, রক্ষক, জলদস্যু। আলাপ করুন ‘ব্লাডি মেরি’র সঙ্গে।’
সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে এক সময়ের দুর্ধর্ষ জলদস্যু এরসেল বডেনকে ঘিরে। সমুদ্রে আধিপত্য বিস্তার করা এই নারী অতীতের অন্ধকার জীবন ত্যাগ করে ক্যারিবিয়ান দ্বীপে সন্তানদের নিয়ে শান্ত মাতৃত্বের জীবন বেছে নেন। তবে পুরোনো দস্যু দলের সদস্যরা যখন তার বর্তমান জীবনে আঘাত হানে, তখন সন্তানদের সুরক্ষায় আবারও যুদ্ধংদেহী হয়ে উঠতে হয় তাকে।
প্রিয়াঙ্কার এই রুক্ষ ও আক্রমণাত্মক রূপে মুগ্ধ তার স্বামী ও পপ তারকা নিক জোনাসও। বলিউড পেরিয়ে হলিউডে নিজের জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এর আগে ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশন’ ও ‘সিটাডেল’-এ অ্যাকশন দক্ষতার ঝলক দেখিয়েছেন। তবে ‘দ্য ব্লাফ’-এর ফার্স্ট লুকেই স্পষ্ট, এখানে তিনি কতটা নির্মম ও শক্তিশালী হয়ে উঠতে পারেন।
আগামী ২৫ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই অ্যাকশনধর্মী সিনেমাটি। প্রিয়াঙ্কার ভক্তদের অপেক্ষা এখন একটাই—এই ‘দেশি গার্ল’ পর্দায় কতটা ঝড় তুলতে পারেন, তা দেখার।