শনিবার, 28 নভেম্বর 2026
সকল বিভাগ

মানবাধিকার ও গুম নিয়ে ‘দুর্বল বিল’ আনার অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট

এর আগে গত ২৭ আগস্ট সংসদে বিল দুটি তোলা হয়েছিল। সেদিনও বিল উত্থাপনের আগে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। তাদের বক্তব্য ছিল, সংস্কারের মূল দাবিকে চাপা দিয়ে খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে তারা চায় না।

মানবাধিকার ও গুম নিয়ে ‘দুর্বল বিল’ আনার অভিযোগ, বিরোধী দলের ওয়াকআউট

জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল দুর্বল আকারে আনা হয়েছে— এমন অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বিল দুটি পাসের প্রক্রিয়া শুরুর আগে রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন।

এর আগে গত ২৭ আগস্ট সংসদে বিল দুটি তোলা হয়েছিল। সেদিনও বিল উত্থাপনের আগে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। তাদের বক্তব্য ছিল, সংস্কারের মূল দাবিকে চাপা দিয়ে খণ্ডিত কোনো প্রক্রিয়ার অংশ হতে তারা চায় না।

পরবর্তী সময়ে সংসদীয় কমিটিতে বিল দুটি নিয়ে আলোচনাও বর্জন করে বিরোধী দল। তাদের অভিযোগ, ভুক্তভোগী জনগণ, অংশীজন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর মতামত উপেক্ষা করে সরকার অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশ দুটি একতরফাভাবে রহিত করেছে। তখন সরকার আরও শক্তিশালী ও কার্যকর আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার চেয়ে দুর্বল ও সীমিত পরিসরের বিল আনা হয়েছে বলে দাবি তাদের।

রোববার দিনের কার্যসূচি অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন বিল অবিলম্বে বিবেচনার জন্য উত্থাপনের আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে বিলটি উত্থাপনের জন্য আহ্বান করা হলে ফ্লোর চান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

মাইক পেয়ে শফিকুর রহমান বলেন, ‘আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছিলাম। ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে যখন বিলগুলো ল্যাপস (অকার্যকর) করা হয়, তখন বলা হয়েছিল যে অত্যন্ত শক্তিশালী এবং আরও ভালো আকারে তারা নিয়ে আসবে।’

মানবাধিকারসংক্রান্ত বিলে আইনের স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। শফিকুর রহমান বলেন, সাধারণ মানুষ মানবাধিকার লঙ্ঘন করলে মানবাধিকার কমিশন সরাসরি তার তদন্ত করতে পারবে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিশেষ বিধান রাখা হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা রাষ্ট্রের কর্মচারী হলেও তারা এ দেশের নাগরিক। একই অপরাধে একজনের বিরুদ্ধে সরাসরি তদন্ত করা যাবে, আরেকজনের ক্ষেত্রে তা আটকে যাবে—এটি হতে পারে না।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা আগেই যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে ল্যাপস করে এই সমস্ত আইন দুর্বল ফর্মে আনা হচ্ছে, এ জন্য আমরা এই আইন পাস করার অংশীদার হব না। সেই জায়গা থেকেই আমাদের অবস্থান স্পষ্ট যে আমরা এ আইনের আলোচনায় অংশগ্রহণ করছি না এবং আমরা এখন ওয়াকআউট করছি। মাননীয় স্পিকার, সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’

এরপর স্পিকার শফিকুর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনাকে ওয়াকআউট করার জন্য ধন্যবাদ।’ পরে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।