আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দিন শুধু মেট্রোরেল চলবে না, ট্রেনের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ভোটের আগে ও পরে ছুটির দিন থাকলেও মেট্রো ট্রেন স্বাভাবিক কর্মদিবসের মতোই চলবে। তবে নিরাপত্তার কারণে ভোটকেন্দ্রের সন্নিকটের স্টেশন গেটগুলো বন্ধ থাকবে; অন্য সব গেট খোলা থাকবে। নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল নিশ্চিত করতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্টদের ছুটি বাতিল করা হয়েছে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোটের দিন ১২ ফেব্রুয়ারি ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এটি ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত কার্যকর থাকবে।
মোটরসাইকেলের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত পুরো দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে এবং নির্বাচনসংক্রান্ত কাজে নির্দিষ্ট শিথিলতা থাকবে।